শাহজালাল মাজারের দানবাক্স আজ দ্বিতীয় দফায় প্রকাশ্যে গণনা করা হবে

শাহজালাল মাজারের দানবাক্স আজ দ্বিতীয় দফায় প্রকাশ্যে গণনা করা হবে

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৭/২০২৬ ১১:৩৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আজ শনিবার (১১ জুলাই) প্রকাশ্যে গণনা করা হচ্ছে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে নবগঠিত উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে আজ দুপুর ১২টা থেকে মাজার প্রাঙ্গণে এই গণনা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমবার গণনার মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় এই উদ্যোগ নেওয়া হলো।

এর আগে গত ১২ জুন মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। এরই অংশ হিসেবে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে গত ২২ জুন ৭শ বছরের প্রথা ভেঙে প্রথমবার মাজারের ঐতিহাসিক ডেক ও দানবাক্স খোলা হলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে জমা রাখা হয়। মাজারের এই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তৎকালীন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেয় সরকার।

পরবর্তীতে গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার দুপুর ১২টা থেকে কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দানবাক্সের অর্থ গণনা করা হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দরগাহ, মসজিদ, মাদ্রাসা এবং মাজারকেন্দ্রিক কার্যক্রমে কীভাবে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার কমিটির দ্বিতীয় সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবারের সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্যসচিব ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, শাহজালাল (রহ.) দরগাহ শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ দরগাহ মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা।

আর আর

মন্তব্য করুন: