কানাইঘাটে ভুল চিকিৎসা ও অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত ‘মা-মনি হাসপাতাল’ নামের একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় রেবা আক্তার (২১) নামের ওই প্রসূতি ও তাঁর নবজাতক মারা যান। রেবা আক্তার উপজেলার নিজ চাউরা গ্রামের পাভেল আহমদের স্ত্রী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসববেদনা উঠলে রেবা আক্তারকে মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, গর্ভের সন্তান মৃত থাকার বিষয়টি গোপন রেখে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশন (অস্ত্রোপচার) সম্পন্ন করে। অস্ত্রোপচারের পর প্রসূতির অবস্থার দ্রুত অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সিলেটে পাঠিয়ে দেয়। সেখানে একটি হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ মা ও নবজাতক উভয়েই মারা যান।
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার এবং ক্লিনিকটি বন্ধের দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মা-মনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: