সিলেটে যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট প্রশিক্ষণ শুরু
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশন-এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩ দিনব্যাপী "রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট প্রশিক্ষণ"। শনিবার (১৮ জুলাই) সকালে সিলেট উইমেন চেম্বার কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা-র নেতৃত্বে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, "বর্তমান যুগে রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফটের বাজার দেশ ও বিদেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আমাদের নারীদের মধ্যে অপরিসীম সৃজনশীলতা রয়েছে, প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও কারিগরি দক্ষতা। সিলেট উইমেন চেম্বার সবসময়ই নারীদের স্বাবলম্বী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, এই বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নারীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবেন এবং হস্তশিল্প খাতে নতুন বিপ্লব আনবেন।"
প্রধান অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নিয়মিত নতুন দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা এবং সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "একটি দক্ষ হাতই একটি সফল ব্যবসার মজবুত ভিত্তি গড়ে তুলতে পারে।"
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষণের ট্রেইনার মোছাঃ ফাতেমা হক। প্রথম দিনে প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক মোছাঃ ফাতেমা হক অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বাস্তব অভিজ্ঞতার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে সফল করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা শুধু পণ্য তৈরিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি অংশগ্রহণকারীদের নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ, নিজস্ব ব্র্যান্ড গঠন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে শক্তিশালী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সম্মানিত পরিচালকবৃন্দ—সাঈমা সুলতানা চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, রেহানা আফরোজ খান, গাজী জিনাত আফজা, আসমাউল হাসনা খান এবং তাহমিনা হাসান চৌধুরী।
অথৈ
মন্তব্য করুন: