সিলেটে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/০৮/২০২৬ ১৫:৩৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শাহপরান মাজার রোড এলাকায় বসবাসকারী মাহবুবুর রহমান (৩৬) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন গ্রামের বাসিন্দা হেলাল আহমদ (৪৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেটের একটি ভাড়াকৃত গোডাউনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ছাল্লাইন এলাকায় হেলাল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেখান থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু /আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad