সিলেটে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, চলছে রুট যাচাই
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৪টি ‘পিংক বাস’ চালুর পর এবার দ্বিতীয় ধাপে সিলেটে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে বন্দরবাজার ও আম্বরখানা হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পর্যন্ত রুটটি বিবেচনা করা হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার রুকনোজ্জামান প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে অন্তত একটি নারী বাস চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলে বাস চালুর আনুষ্ঠানিক সময়সূচি জানানো হবে।
এই বাস চালু হলে দক্ষিণ সুরমা ও শহরের কেন্দ্রীয় এলাকার নারী শিক্ষার্থী, চাকরিজীবী ও নারী যাত্রীদের যাতায়াত সহজ হবে। ‘পিংক বাস’-এর বিশেষ বৈশিষ্ট্য হলো—বাসের চালক, সহকারী ও হেলপার সবাই নারী এবং যাত্রী হিসেবেও শুধু নারীরাই উঠতে পারবেন।
নিরাপত্তার জন্য বাসগুলোতে সিসি ক্যামেরা, ই-টিকিট ও ভিটিএস ট্র্যাকিং ব্যবস্থা রাখা হচ্ছে। উল্লেখ্য, বিআরটিসি আগামী তিন মাসের মধ্যে ৫০টি এবং ভবিষ্যতে ২০০টি ইলেকট্রিক (ইভি) বাস বহরে যুক্ত করার পরিকল্পনা করেছে, যার মধ্যে ১০০টি বাস নারীদের জন্য সংরক্ষিত থাকবে।
দীর্ঘদিন ধরে গণপরিবহনে ভোগান্তির শিকার সিলেটবাসী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও অতীতে অনিয়মিত চলাচলের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারা বাসগুলোর সঠিক সময়সূচি, পর্যাপ্ত স্টপেজ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: