ফেসবুকে অপপ্রচারের অভিযোগ: জৈন্তাপুর থানায় ইউপি চেয়ারম্যানের জিডি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভিন্ন আইডি ব্যবহার করে কুৎসা রটানো, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সিলেটের জৈন্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী।
জিডিতে চেয়ারম্যান ইন্তাজ আলী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট ২০২৬ রাত ১০টা থেকে বিভিন্ন সময়ে কয়েকটি ফেসবুক আইডি ও প্রোফাইল থেকে তার নাম ব্যবহার করে নানা ধরনের মন্তব্য, তথ্য ও পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক আইডি ও পোস্টের লিংকও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এম এইচ সালিম, উজ্জ্বল আহমেদ, আনামুল হক, কবির আহমেদ ও ফখরুল ইসলাম নামে ব্যবহৃত ফেসবুক প্রোফাইলের কথা উল্লেখ রয়েছে।
চেয়ারম্যানের অভিযোগ, এসব আইডি ও প্রোফাইল থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের পাশাপাশি তার পরিবার এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারের কারণে তার সম্মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলো শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্তের আবেদন জানিয়েছেন চেয়ারম্যান।
এ বিষয়ে জৈন্তাপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জিডিটি গ্রহণ করে অভিযোগটি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
তবে জিডিতে উল্লিখিত ফেসবুক আইডিগুলোর মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ডিডি/ আর আর
মন্তব্য করুন: