তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া একটি মোটরসাইকেলযোগে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সিলেটগামী একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির নম্বর সিলেট-ল-১২-০৯০২ এবং ঘাতক ট্রাকটির নম্বর বগুড়া-ড-১১-২৬৫৫। দুর্ঘটনায় গুরুতর আহত হাসান মিয়া গুলালকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাইফুল ইসলাম বাবু / ডিডি
মন্তব্য করুন: