গোলাপগঞ্জ চৌমুহনী সড়কে বড় বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

গোলাপগঞ্জ চৌমুহনী সড়কে বড় বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

২৪/০৮/২০২৬ ২০:০২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা বর্ষণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকা থেকে চৌমুহনীতে প্রবেশমুখে ডিভাইডার শেষ হওয়ার স্থানে সড়কের একাধিক অংশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। একইভাবে ফুলবাড়ী ইউনিয়ন থেকে চৌমুহনীতে প্রবেশপথ এবং চৌমুহনী বাজারের ভেতরের কয়েকটি স্থানেও ৪ থেকে ৫ ফুটজুড়ে একাধিক বড় গর্ত তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে থাকায় প্রকৃত গভীরতা বোঝা যাচ্ছে না। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।

প্রতিদিন এ সড়ক দিয়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ হাজারো যান চলাচল করে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক চালক হঠাৎ ব্রেক করছেন, আবার অনেকে বাধ্য হয়ে বিপরীত লেনে (রং সাইড) যানবাহন চালাচ্ছেন। এতে যানজটের পাশাপাশি মুখোমুখি সংঘর্ষের আশঙ্কাও তৈরি হচ্ছে।

স্থানীয় সোয়েব আহমদ জানান, প্রায় দেড় বছর আগে ক্ষতিগ্রস্ত অংশে ইট ফেলে সাময়িক সংস্কার করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে গেছে।

গোলাপগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাহবুবুল হক লুলু বলেন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসার একটি বড় অংশ নির্ভর করে বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, সুতারকান্দি এবং ঢাকা দক্ষিণ বাইপাস হয়ে ফেঞ্চুগঞ্জ এলাকার ক্রেতাদের ওপর। সড়কের বেহাল অবস্থার কারণে অনেকেই এখন গোলাপগঞ্জে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সরেজমিনে আরও দেখা যায়, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এখনো কোনো সতর্কীকরণ সাইনবোর্ড, রিফ্লেক্টর বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাইরের এলাকা থেকে আসা চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে গেছে।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলো স্থায়ীভাবে সংস্কার, কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগ, সিলেট এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমেদ জানান," সড়কটির খানাখন্দ বিভাগীয় ভাবে নিয়মিত মেরামতের কাজ চলমান রয়েছে।এবং সড়কটির উক্ত অংশটটুকু সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বিধায় মেরামতের জন্য প্রকল্পের নিকট হস্তান্তর করা হবে।"

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad