একাদশ শ্রেণিতে ভর্তির নতুন ফি নির্ধারণ কোন কলেজে কত?
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, কলেজের অবস্থান, এমপিওভুক্তির ধরন এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ভর্তি ও সেশন ফি নির্ধারিত হবে। শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি ও খাতের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা।
জেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্সল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও বা আংশিক এমপিও কলেজের ক্ষেত্রে ফি তুলনামূলক বেশি। ঢাকা মহানগরে বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নেওয়া যাবে। উপজেলা ও মফস্সল এলাকায় এই ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৩ হাজার টাকা।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীকে ২২০ টাকা দিতে হবে। এ ছাড়া আবেদন ও ভর্তির প্রক্রিয়ায় শিক্ষা বোর্ডের বিভিন্ন ফিও দিতে হবে।
প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় মোট ৩৪০ টাকা নেওয়া হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা রয়েছে।
এ ছাড়া শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা হিসেবে নেওয়া হবে ১০০ টাকা। গত বছর বিএনসিসি খাতে ফি ছিল ৫ টাকা। এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
এদিকে অনলাইন আবেদনের ফি ও বিভিন্ন খাতের ফি মিলিয়ে আগের বছরের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা বোর্ডের আবেদন ফি ৫ টাকা বাড়ানো হয়েছে। গত বছর এই ফি ছিল ৩৩৫ টাকা, এবার তা নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় নির্ধারিত এসব হারের বাইরে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও সেশন চার্জ নেওয়ার কথা বলা হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: