সীমান্ত দিয়ে মোটরসাইকেল চোরাচালান: কুমিল্লায় আটক সিলেটের ৯ যুবক

সীমান্ত দিয়ে মোটরসাইকেল চোরাচালান: কুমিল্লায় আটক সিলেটের ৯ যুবক

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০৮/২০২৬ ২২:২৯:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইভাবে আনা ছয়টি মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলায় সিলেট-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত ছয়টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮) ও কাওছার হোসেন (২৬), সিলেট কোতোয়ালির করিম (৩০) ও রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জ সদরের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদের পাবেল আহম্মদ (২৬) ও হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯) এবং ছাতকের আবিদুল ইসলাম (২৮)।

ডিবি পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে মোটরসাইকেলগুলো বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট-কুমিল্লা মহাসড়কে ডিবি পুলিশের নিয়মিত টহল চলাকালে ছয়টি মোটরসাইকেলে নয়জন ওই এলাকায় পৌঁছান। পুলিশ থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। মোটরসাইকেলগুলোর বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad