সিলেটের দুই সীমান্তে বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেটের দুই সীমান্তে বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

৩০/০৮/২০২৬ ১৫:৪২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফট ক্রিম, ৬ হাজার ৩৬১ পিস পন্ডস ফেসওয়াশ এবং ১ হাজার ৭২৪ পিস চশমা। এসব মালামালের সিজার মূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

এছাড়া ২৯ ও ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি ভারতীয় সুপারি এবং ২৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক এসব অভিযানে জব্দ করা চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad