অধ্যাপক জাকির হোসেনের গ্রেপ্তারের গুঞ্জন, নিশ্চিত করেনি পুলিশ
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তার কোনো সত্যতা মেলেনি। প্রশাসনিক কোনো সূত্র কিংবা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ থেকেও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।
শনিবার (২৯ আগস্ট) রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডা যাওয়ার পথে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এই গুঞ্জনের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ৫ আগস্টের পর থেকে জাকির হোসেন দেশেই আত্মগোপনে রয়েছেন। রোববার তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর পরই জাকির হোসেনের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে নিয়েও একই ধরনের নিশ্চিতহীন তথ্য ছড়িয়েছিল।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: