আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
রাষ্ট্রীয় সফরে আগামীকাল মঙ্গলবার সিলেট আসছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সফরকালে তিনি সীমান্ত নিরাপত্তা ও নজরদারি-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের উদ্বোধনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সিলেটে পৌঁছে দুপুরে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন। সেখানে Shimanto School of Surveillance and Drone Warfare-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থিরচিত্র পর্বে অংশ নেবেন এবং সীমান্ত নজরদারি ও নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত ড্রোন প্রদর্শনী পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় পর্বে বিকেলে তিনি সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিকেল ৪ টা ৩০ মিনিটে তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সফর শেষে একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: