সিলেটে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিলেটে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৯/২০২৬ ২২:১৭:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আট ও দশ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (বলাৎকার) অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে নগরীর শাহপরান (রহ.) থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম ফয়জুল হক। তিনি সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক। তার বাড়ি একই জেলার জৈন্তাপুর উপজেলায়।

পুলিশ ও ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দুই শিশু শিক্ষার্থী সম্প্রতি হঠাৎ মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে এবং আর সেখানে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। অভিভাবকেরা কারণ জানতে চাইলে শিশুরা জানায়, রাতের বেলা তাদের ওই শিক্ষকের কক্ষে যেতে বাধ্য করা হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদের যৌন নিপীড়ন করা হতো।

বিষয়টি জানার পর অভিভাবকেরা শাহপরান থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে শিক্ষক ফয়জুল হক মাদ্রাসা থেকে পালিয়ে জৈন্তাপুরে নিজ এলাকায় আত্মগোপন করেন। পরে বুধবার রাতে সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী শিশু দুটির শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad