সব শিক্ষা প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল: শিক্ষা সচিব

সব শিক্ষা প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল: শিক্ষা সচিব

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৬ ১৪:৫৫:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আধুনিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহে সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যকরভাবে চালানো যাচ্ছে না।

তাই বিদ্যুৎ ব্যাকআপ নিশ্চিত করতে প্রথমে সোলার প্যানেল এবং পরবর্তীতে মাল্টিমিডিয়া ও অন্যান্য সরঞ্জাম দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় তার ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করছে। শিক্ষা মন্ত্রণালয় এসব উদ্যোগকে স্বাগত জানায়। বর্তমান সরকারের সময়ে মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বের অনিয়ম দূর করে নতুন কর্মসূচি, নতুন কারিকুলাম ও পদ্ধতি প্রবর্তনের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাও বাড়াতে হবে, যা সরকারের নির্বাচনী ইশতেহারেও রয়েছে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

বিদ্যুৎ সংকট ও আধুনিক সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, “বিগত বছরগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ নানা কর্মসূচি নেওয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সরঞ্জাম অকেজো হয়ে পড়েছে। সব দিক বিবেচনা করে অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করা হবে, যার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ নিশ্চিত করে মাল্টিমিডিয়া ক্লাস চালু রাখা সম্ভব হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad