খোঁজখবর নিতে বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফেরার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হুমায়ুন কবির মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাধনের বাসায় যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বাঁধন তার পোস্টে লিখেছেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’
এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে বলে জানান বাঁধন। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও এতে আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাঁধনের ভাষায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটিও আরও শক্তিশালী হয়।
ইতালিতে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বাঁধন বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তার ও তার পরিবারের খোঁজ নেওয়া এবং মানবিক সহায়তা ও সমর্থনের জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে-অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ।
মতপার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না বলেও মনে করেন এই অভিনেত্রী।
তিনি মনে করেন, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায়। একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে সম্মিলিত দায়িত্ব হিসেবেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে গিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হন বাঁধন। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন।
পূজা বাড়াইক
মন্তব্য করুন: