সিলেটে মিছিলের প্রস্তুতিকালে গাড়িসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক!
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করার নেওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে জোড়া মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানার এক বিশেষ অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে অন্তত ৪টি মাইক্রোবাসে (হাইয়েস গাড়ি) চড়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী সংগঠিত হয়ে মোগলাবাজার থানা এলাকায় পৌঁছায়। সেখানে গাড়ি থেকে নেমে তারা ঝটিকা মিছিল বের করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি টের পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে হানা দেয়। এ সময় ঘটনাস্থল ঘিরে ফেলে অন্তত ২টি হাইয়েস গাড়িসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া প্রথম সিলেটকে জানান, মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ২টি মাইক্রোবাসসহ ২০ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশি অভিযানের টের পেয়ে অপর ২টি হাইয়েস গাড়ি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া ওই দুটি গাড়িতে আরও প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
নীরব চাকলাদার/ পূড়া বাড়াইক/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: