তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

প্রথম ডেস্ক

০৭/১১/২০২৬ ১০:৩৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ হারিয়েছেন দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির দেওয়া সিদ্ধান্ত কার্যকর না করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময় সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে।

সাম্প্রতিক একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়। সেখানে বিষয়টি নিষ্পত্তির অংশ হিসেবে তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তী সময়ে তারা সালিশ কমিটির ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি।

এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়। তবে চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি দুটি ফেরত আসে। পরবর্তী সময়ে মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি।

পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়। সভায় সালিশ কমিটির সুপারিশ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিনয়শিল্পীদের কর্মস্থল ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তারা আপসহীন। অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে অভিনয়শিল্পী সংঘ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad