সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার
সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে মোঃ জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান (৪০) সিলেট সিটি করপোরেশনের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মতিন। ঠিকানা: রোড নং-৩, বাসা নং-১৭।
পুলিশ সূত্রে জানা যায়, তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা নিয়ে শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ পূর্বে বাইপাস সড়কে জড়ো হন। এ সময় পেট্রোল ব্যবহার করে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে মোঃ জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাউল হক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: