সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে বিভিন্ন মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট ও তামাবিল বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারত থেকে আনা কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, গরু, ফল ও কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন ও সোয়েটার জব্দ করা হয়। আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: