ফের সিনেমায় ফিরছেন মাহি
Led Bottom Ad

ফের সিনেমায় ফিরছেন মাহি

প্রথম ডেস্ক

১৬/১০/২০২৫ ০৫:০৫:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের হয়ে লড়তে চাইলেও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনে ভরাডুবি হয় এই ঢালিউড তারকার। নির্বাচনী প্রচারণার সময় মাহি ভোটারদের বলেছিলেন, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু আজ বুধবার বিকেলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, মাহিয়া মাহি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মাহি নিজেও তাঁর ফেসবুক আইডি এবং পেজে সেই সিনেমার পোস্টার পোস্ট করে তাঁর অভিনয়ের খবরটির সত্যতা নিশ্চিত করেন!


মাহিকে নিয়ে বুধবার বিকেলে যে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে, সেটির নাম ‘অন্তর্যামী’। পরিচালনা করবেন সৈকত নাসির। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না। আবদুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’র গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে।


এ বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।


প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাঁকে। এরপর তাঁকে নিয়ে একাধিক ছবির ঘোষণা এলেও কোনোটির শুটিং কিংবা মুক্তির খবর পাওয়া যায়নি।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad