শাল্লায় জমি দখলের অভিযোগ, বৃদ্ধ বাবা ও ভাবিকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি
Led Bottom Ad

শাল্লায় জমি দখলের অভিযোগ, বৃদ্ধ বাবা ও ভাবিকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১২/২০২৫ ২০:৫৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ, গাছ কেটে নেওয়া, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মহিবুর রহমান শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের বাসিন্দা ও ঢাকাপ্রবাসী মো. মহিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রূপ মিয়া, আব্দুর রফিক, আব্দুল হক ও ফেরদৌস মিয়াসহ কয়েকজনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১ ডিসেম্বর বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।


মো. মহিবুর রহমান অভিযোগে উল্লেখ করেন, ওই সময় অভিযুক্তরা তাঁর বৃদ্ধ বাবা ও ভাবিকে গালিগালাজ করেন এবং বাড়ির দুটি গাছ কেটে নিয়ে যান। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়।


খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ববি দাস ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে সেখানে ঘর নির্মাণ শুরু করেছেন। পাশাপাশি বাড়ির প্রবেশপথে ইট স্তূপ করে রেখে পরিবারের সদস্যদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।


স্থানীয় ইউপি সদস্য ববি দাস বলেন, অভিযুক্তরা চলাচলের রাস্তা বন্ধ ও গাছ কাটার মতো কাজ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভুক্তভোগী পরিবারটি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad