ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন দ্রুত শুরু হবে: ছাতকে শিল্প উপদেষ্টা
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম দ্রুত পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম চালু করা হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা। শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত আদিলুর রহমান খান এ সময় কারখানার সার্বিক অবস্থা ঘুরে দেখেন।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই ভবিষ্যতে নির্বাচিত সরকার শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’ তিনি আরও বলেন, দেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিত করা।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন দ্রুত শুরু করার লক্ষ্যে বিসিআইসি কাজ করছে।
পরিদর্শনের আগে সকালে শিল্প উপদেষ্টা ছাতক উপজেলায় এলজিইডির বাস্তবায়নাধীন ‘ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ছাতক–কাটাখালী সড়ক (দোয়ারাবাজার হয়ে) উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এ ছাড়া বিকেলে তিনি সুনামগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে দোয়া করেন।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: