সুনামগঞ্জ-২ আসনে শিশির মনিরের নির্বাচনী সভায় বক্তব্য দিলেন আওয়ামী লীগের সাবেক নেতা
Led Bottom Ad

সুনামগঞ্জ-২ আসনে শিশির মনিরের নির্বাচনী সভায় বক্তব্য দিলেন আওয়ামী লীগের সাবেক নেতা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/০১/২০২৬ ১১:৪৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আওয়ামী লীগের সাবেক এক নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ওই বক্তব্যের ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি বৈঠকে বক্তব্য দিচ্ছেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ মিয়া। বক্তব্যে তিনি ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন,

‘একটি ঘরের চেয়ে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, আর তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু এই ছোট চাবির মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভোট হচ্ছে সবচেয়ে মূল্যবান চাবি। উন্নয়নের সেই চাবি কার হাতে দেওয়া হবে—সেই যোগ্য ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ শিশির মনির।’

ভিডিওতে ওই সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে গোলাপ মিয়ার বাম পাশে বসে থাকতে দেখা যায়।

এ বিষয়ে গোলাপ মিয়া বলেন, তিনি কয়েক বছর আগে রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তার কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ভোট তো কাউকে দিতে হবে। একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে এলাকার স্বার্থে আমি শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad