টাঙ্গুয়ার হাওর এলাকায় নদ-নদীতে মোবাইল কোর্ট অভিযান
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নদ-নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। হাওরের মা মাছের অভয়ারণ্য রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাহিরপুর উপজেলার বৌলাই নদী, পাটলাই নদী, বোয়ালমারা এলাকা, গোলাবাড়িয়া ক্যাম্প এবং টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক এক লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৫০০ মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়। এ ছাড়া পানিয়ার ডোবায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি চায়না দুয়ারি জাল ও প্রায় ৫০০ মিটার চটজাল জব্দ করে সর্বসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে আটক দুইজনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
অভিযানে অংশ নেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা পুলিশের সদস্যরা, আনসার সদস্যবৃন্দ, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিরা এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: