ছাতকে পথসভায় বিএনপি প্রার্থী মিলন
‘ছাতক-দোয়ারার কাঙ্ক্ষিত উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই’
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী ছাতক শহর ও গোবিন্দগঞ্জে পৃথক দুটি বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ছাতক শহরে কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক বিশাল পথসভায় মিলিত হয়। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “ধানের শীষ প্রতীক হচ্ছে দেশপ্রেম ও উন্নয়নের প্রতীক। ছাতক-দোয়ারাবাজারের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের আধুনিকায়নে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আরেকটি বিশাল মিছিল বের করা হয়। গোলচত্বর এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিলন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উভয় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে হবে। ছাতক-দোয়ারার মানুষের আস্থার প্রতীক কলিম উদ্দিন আহমেদ মিলন।”
সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত রাখতে এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ছাতক ও দোয়ারাবাজারের জনদুর্ভোগ নিরসনে কলিম উদ্দিন আহমেদ মিলনের বিকল্প নেই বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: