সুনামগঞ্জে ২ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতারা হলেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হযরত আলী এবং উপজেলা যুবদলের সদস্য এনামুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হযরত আলী ও এনামুল হককে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হযরত আলী ও এনামুল হক জানান, ‘আমরা সব সময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। কিছু ভুল-বোঝাবুঝির কারণে সাময়িকভাবে দল থেকে দূরে থাকতে হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পুনরায় সংগঠনে কাজ করার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ।’
তারা আরো বলেন, ‘ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে যুবদলকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করব। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করতে নেতা-কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।
ডি আর ডি
মন্তব্য করুন: