​সুনামগঞ্জে আলু ক্ষেত নষ্টের ‘অপরাধে’ ঘোড়া হত্যা: অভিযুক্ত কৃষক আটক
Led Bottom Ad

​সুনামগঞ্জে আলু ক্ষেত নষ্টের ‘অপরাধে’ ঘোড়া হত্যা: অভিযুক্ত কৃষক আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০১/২০২৬ ১০:৩৯:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে আলুর ক্ষেত নষ্ট করার অভিযোগে একটি ঘোড়াকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। ঘোড়াটিকে পা বেঁধে ও গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে জয়ধর আলী (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে আটক করেছে পুলিশ।

​সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর একটি ঘোড়া প্রতিদিনের মতো গ্রামের পাশে চারণভূমিতে ছিল। অভিযুক্ত কৃষক জয়ধর আলীর অভিযোগ ছিল, ঘোড়াটি তার আলুর ক্ষেত নষ্ট করছে। এই নিয়ে ঘটনার আগের দিন তিনি ঘোড়াটিকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন।

​সোমবার সকালে আইয়ুব আলী তাঁর ঘোড়াটিকে জমির পাশে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে আসেন। দুপুরে ফিরে এসে দেখেন, ঘোড়াটির হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি গাছের সঙ্গে ঝুলছে। অবলা পশুর প্রতি এমন নির্মমতা দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘোড়াটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত জয়ধর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

​সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “পশুর প্রতি এমন নির্মমতা অত্যন্ত দুঃখজনক এবং বিবেকহীন কাজ। খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি এবং একজনকে আটক করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত ঘোড়াটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে এবং প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​পশু অধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad