একজনের অবস্থা আশঙ্কাজনক
ছাতকে হাঁস পালন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর ও আলমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে হাঁস পালনকে কেন্দ্র করে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আলমপুর হাওর এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুর হাওরে মঈনপুর গ্রামের বাসিন্দাদের হাঁস রাখাকে কেন্দ্র করে আলমপুর গ্রামের লোকজনের সাথে কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে উভয় গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্র, বাঁশ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আকিক নামে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাওর অঞ্চলে হাঁস পালনকে কেন্দ্র করে এমন তুচ্ছ ঘটনায় কয়েক শতাধিক মানুষের সংঘর্ষে জড়ানোর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: