দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা সুপারভাইজার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান।
এ সময় তিনি বলেন, “মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: