যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাহরাম নদীর মুখ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। নদী ও পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যাদুকাটা নদী থেকে বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু তুলে আসছিল। এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
এ রহমান
মন্তব্য করুন: