জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
সুনামগঞ্জে ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আসছে
সুনামগঞ্জের হাওরাঞ্চল ও দুর্গম এলাকার ৪৫১টি ভোটকেন্দ্রকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রশাসনের এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার কথা জানান।
জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ ঐতিহাসিকভাবেই একটি শান্তিপূর্ণ জেলা এবং এখানে বড় ধরনের রাজনৈতিক সহিংসতার রেকর্ড নেই। তবে জেলার ভৌগোলিক গঠন বিশেষ করে হাওর ও দুর্গম সীমান্ত এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা একটি চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, "দুর্গম কেন্দ্রগুলোতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সহিংসতার চেষ্টা করা হয়, তবে যাতায়াত ব্যবস্থার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে দ্রুত সেখানে পৌঁছানো কঠিন হতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ৪৫১টি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনছি।"
ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সিসি ক্যামেরা ব্যবহারের ফলে ভোটগ্রহণের চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং সব ধরনের রেকর্ড সংরক্ষিত থাকবে। এতে করে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনায় দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং যেকোনো জালিয়াতি বা বিশৃঙ্খলা রোধ করা সহজ হবে।
এ রহমান
মন্তব্য করুন: