ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
Led Bottom Ad

ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০২/২০২৬ ১২:৫১:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময়ে ছাতকে ঘটে বেদনাদায়ক এক ঘটনা। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলে রেখে গেছে কিছু দুর্বৃত্ত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলার পেপারমিল বাজার সংলগ্ন লেবারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, বিকেলে জাহাঙ্গীর আলম পেপারমিল বাজারে গণসংযোগ ও মতবিনিময় শেষে ব্যক্তিগত গাড়িটি ব্রিজের পাশে লেবারপাড়ায় রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি স্থানীয় একটি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। কিন্তু কর্মসূচি শেষে ফেরার সময় তিনি দেখেন, তার গাড়িতে লাগানো লাঙ্গল প্রতীকের নির্বাচনী ফেস্টুনগুলো কে বা কারা ছিঁড়ে ফেলেছে।

ঘটনাটি দেখে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের ছায়া নেমে আসে। সমর্থকরা মনে করেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের উষ্ণ সাড়া দেখে কিছু স্বার্থান্বেষী মহল ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই অপতৎপরতা চালিয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি শান্তিপূর্ণভাবে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি পক্ষ সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে আমার গাড়ির ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি পরিষ্কারভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এর আগে মণ্ডলীভোগ, হাসপাতাল রোডসহ ছাতক পৌরশহরের বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী ব্যানার কে বা কারা গায়েব করেছে। এ ধরনের হিংসাত্মক কার্যক্রম চললে এবং ভীতির পরিবেশ তৈরি হলে ভোটাররা স্বাভাবিকভাবে ভোট দিতে পারবেন না। আমি নিজে এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মিজ ডিপ্লোমেসি চাকমা জানান, “গতকাল রাতে প্রার্থী মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। আজ লিখিত অভিযোগ পেয়েছি। এটি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad