সুনামগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন নুরুল ইসলাম
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনকে নিরাপদ, আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।
‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ শিরোনামের ইশতেহারটি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে প্রণয়ন করা হয়েছে বলে জানান নুরুল ইসলাম। এতে জননিরাপত্তা, হাওরকেন্দ্রিক টেকসই উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও উন্নয়ন বৈষম্যের শিকার। তিনি ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং নারী, শিশু ও প্রবীণদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দিষ্ট দিনে জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
হাওরাঞ্চলের ঝুঁকি বিবেচনায় ইশতেহারে দেখার হাওর ও খরচার হাওরে বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি টেকসই হাওর রক্ষা বাঁধ নির্মাণ, নদী ও খাল দখলমুক্ত করা এবং কৃষকদের জন্য সার, বীজ ও কৃষিকার্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। ফসলহানির ক্ষেত্রে ক্ষতিপূরণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথাও বলা হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উত্তর সুরমা এলাকায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) দ্বিতীয় সুরমা সেতু এবং পৈন্দার খালে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। ফতেপুর ইউনিয়নের সঙ্গে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং বর্ষা মৌসুমে নিরাপদ নৌ-যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষা খাতে সুনামগঞ্জ সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট স্থাপন এবং দুর্গম এলাকায় নৌ-অ্যাম্বুলেন্স ও মোবাইল মেডিকেল সার্ভিস চালুর কথা বলেন তিনি।
তরুণদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, হাওরভিত্তিক মৎস্য ও পশুপালন শিল্পের উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়ার ঘোষণাও দেন নুরুল ইসলাম।
ইশতেহার ঘোষণার শেষে তিনি বলেন, এই পরিকল্পনা কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রকাশ। তিনি ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, অঙ্গসংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
পি ডি
মন্তব্য করুন: