শাবিপ্রবিতে আন্তবিভাগীয় ক্রিকেটের ফাইনালে সংঘর্ষ: শিক্ষকসহ আহত অন্তত ২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টরিয়াল বডির সদস্য ও শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাট, স্টাম্প ও চেয়ার নিয়ে হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের ফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও মো. ওমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত। গুরুতর আহত কয়েকজনকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা দুই বিভাগের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে ‘স্লেজিং’ (পরস্পরকে টিপ্পনী কাটা) নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এর সূত্র ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র ও খেলার সরঞ্জাম নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত ও শারীরিকভাবে জখম হন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “খেলায় একটি সিদ্ধান্ত ও স্লেজিংকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি। এমনকি ছাত্রদের হাতে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, তা আমাদের ভাবিয়ে তুলছে। এটি মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যায্যতার ভিত্তিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হবে। দোষী কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এ রহমান
মন্তব্য করুন: