দিরাই-শাল্লায় ভোটের মাঠে বিরল সৌজন্য
মৃত্যুবার্ষিকীতে সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধা জানালেন নাছির চৌধুরী ও শিশির মনির
রাজনীতিতে সৌজন্যবোধ যখন ক্রমশ বিলীয়মান, তখন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দেখা গেল এক বিরল ও উদার রাজনৈতিক দর্শনের প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালেই এই আসনের প্রয়াত সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছিল আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী। এদিন তাঁর নিজ রাজনৈতিক দল বা স্মৃতি পরিষদের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এই জাতীয় নেতাকে নিয়ে ছিল ব্যাপক আলোচনা। বিশেষ করে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ও জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনিরের শ্রদ্ধা নিবেদন স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
জীবদ্দশায় বারবার সুরঞ্জিত সেনগুপ্তের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী। তবে বৃহস্পতিবার তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ভাটি বাংলার অহংকার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী। এই দিনে আমি তাঁকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
কেবল ফেসবুক স্ট্যাটাসেই সীমাবদ্ধ থাকেননি নাছির চৌধুরী। বিকেলে দিরাই উপজেলার কাইলানি পয়েন্টে আয়োজিত তাঁর নির্বাচনি জনসভায় বক্তব্য শুরুর আগে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
নাছির চৌধুরীর স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনিরের মিডিয়া সেল থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে সুরঞ্জিত সেনগুপ্তকে ‘বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
দিরাই ও শাল্লার সাধারণ মানুষ দুই প্রার্থীর এই উদারতাকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত এই অঞ্চলের মানুষের কাছে এক অনন্য উচ্চতার নাম। বিএনপি ও জামায়াত প্রার্থীর এই শ্রদ্ধাবোধ প্রমাণ করে যে, রাজনীতিতে ব্যক্তিগত শত্রুতার চেয়ে সৌজন্য ও দেশপ্রেম অনেক বড়।
নির্বাচনের মাত্র কয়েক দিন আগে প্রার্থীদের এমন মানবিক ও রাজনৈতিক উদারতা সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনি পরিবেশে এক শান্ত ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করেছে।
এ রহমান
মন্তব্য করুন: