সুনামগঞ্জে ধলাই নদীর রাবারড্যামে ছিদ্র: পানিসংকটে ১০০০ একর জমির আবাদ অনিশ্চিত
Led Bottom Ad

সুনামগঞ্জে ধলাই নদীর রাবারড্যামে ছিদ্র: পানিসংকটে ১০০০ একর জমির আবাদ অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০২/২০২৬ ১১:২৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ধলাই নদীতে নির্মিত রাবারড্যামে ছিদ্র দেখা দেওয়ায় পানি সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাবারটি সঠিকভাবে ফুলে না ওঠায় উজান এলাকায় পানিসংকট দেখা দিয়েছে, যার ফলে কয়েক হাজার একর জমির বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার বিকেলে ‘ধলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর সদস্যরা রাবারড্যামটি ফুলিয়ে পানি সংরক্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। সমিতির সদস্যরা জানান, রাবারের বিভিন্ন অংশ ফুলে না ওঠায় এবং জরাজীর্ণ সংযোগ পাইপে জং ধরে পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ড্যামটি অকার্যকর হয়ে পড়েছে। ১৭-১৮ বছর আগে নির্মিত এই কাঠামোর আধুনিক সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে এই রাবারড্যামটি নির্মাণ করে। দীর্ঘদিন ধরে বড় ধরনের কোনো সংস্কার না হওয়ায় রাবারে একাধিক ফুটো তৈরি হয়েছে এবং ড্যামের সঙ্গে সংযুক্ত পাইপ ও বাল্ব নষ্ট হয়ে গেছে।

​সমবায় সমিতির সভাপতি আদম আলী সমকালকে বলেন, “বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে রাবারড্যামটি কাজ না করায় কৃষকরা দিশেহারা। পানি না পেলে সব জমির চারা শুকিয়ে যাবে। আমরা দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছি।” সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, কৃষকদের নিয়ে আপ্রাণ চেষ্টা করেও জরাজীর্ণ পাইপের কারণে পর্যাপ্ত পানি প্রবেশ করানো সম্ভব হয়নি।

​সরেজমিনে এ সময় উপস্থিত কৃষক মুজিবুর রহমান, তমিজ উদ্দিন ও মোশারফ হোসেনসহ অনেকে জানান, রাবারড্যামটি সচল না হলে তাঁদের সারা বছরের খোরাক জোগানো অসম্ভব হয়ে পড়বে।

এ বিষয়ে সুনামগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, “ধলাই নদীর রাবারড্যামে ছিদ্র হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad