দোয়ারাবাজারে ধানের শীষের পথসভা
‘ভোটের মাধ্যমেই অধিকার পুনরুদ্ধার করতে হবে’
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাগানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোগলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, এটি জনগণের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
ছায়ারীথী যুব সংঘের সেক্রেটারি কবির আহম্মেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মালেক মেম্বার। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।
সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার একটি সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মিন্টু, আব্দুর রাজ্জাক, অদুদ মেম্বার, মনিরুল আলম, এনামুল হক এনা, উপজেলা যুবদল নেতা এরশাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক এবং ছাত্রদল সদস্য সানি প্রমুখ।
নির্বাচন ঘনিয়ে আসায় বাগানবাড়ি এলাকার এই পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পথসভা শেষে একটি মিছিল গ্রামটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ রহমান
মন্তব্য করুন: