সুনামগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ও ল্যাপটপ চুরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চার দিন আগে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য বসানো সিসি ক্যামেরা, ল্যাপটপসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে গেছে চোরচক্র। শহরের প্রাণকেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এমন দুঃসাহসিক চুরিতে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র বিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে দেখা যায়, নির্বাচনের নিরাপত্তার জন্য স্থাপিত সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স, রাউটার, একটি ল্যাপটপ এবং তিনটি সাউন্ড বক্স চুরি হয়েছে। এমনকি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার ও চুলাসহ বিদ্যালয়ের স্কাউট দলের ২৪টি পোশাকও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই শতবর্ষী বিদ্যালয়ে গত এক বছরে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী না থাকায় অপরাধীরা বারবার এই সুযোগ নিচ্ছে।” স্থানীয় অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, নির্বাচনের আগে যেখানে প্রশাসনের কঠোর নজরদারি থাকার কথা, সেখানে শহরের প্রাণকেন্দ্রে কীভাবে সিসি ক্যামেরা লুট হয়?
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সমকালকে বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: