সুনামগঞ্জে রেললাইন ও আধুনিক হাওর গড়ার প্রতিশ্রুতি মুফতী পলাশীর
Led Bottom Ad

সুনামগঞ্জে রেললাইন ও আধুনিক হাওর গড়ার প্রতিশ্রুতি মুফতী পলাশীর

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০২/২০২৬ ১৮:৪৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে ৩১ দফার ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী শহীদুল ইসলাম পলাশী। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার পেশ করেন।

ইশতেহারে মুফতী পলাশী সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘রেললাইন’ বাস্তবায়নে জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুরমা নদীর ওপর বাড়ারগাঁও-হালুয়াঘাট ব্রিজসহ তিনটি বড় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও হাওরের অভ্যন্তরে পাকা রাস্তা তৈরি করে কৃষিপণ্য পরিবহনে বিপ্লব আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

কৃষিনির্ভর এই অঞ্চলের জন্য যথাসময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সার ও বীজের সরকারি ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছানোর নিশ্চয়তা দিয়েছেন এই প্রার্থী। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সুনামগঞ্জ সদর হাসপাতালকে ৫০০ শয্যা এবং বিশ্বম্ভরপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার কথা বলেন তিনি।

মুফতী পলাশী তাঁর ইশতেহারে স্কুল, কলেজ ও মাদরাসায় প্রযুক্তি নির্ভর ‘Smart Education’ চালুর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে গার্লস স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এছাড়াও ইমাম, খতীব ও মাদরাসা শিক্ষকদের বিশেষ ভাতা এবং কওমি মাদরাসার সনদের যথাযথ স্বীকৃতির বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচিত হলে মাদক, ঘুষ, কিশোর গ্যাং এবং টেন্ডারবাজির বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও মডেল শহর উপহার দেব।” এছাড়া তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মাহফুজুর রহমান সজীব, মাওলানা এহসান রেজা মহিবী এবং আব্দুল মুত্তালিবসহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad