বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা মুজ্জাম্মিলের সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ১১-দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানান এবং ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মাওলানা মুজ্জাম্মিল হক জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি 'বই' মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটের সমঝোতা অনুযায়ী এই আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “গত ২৯ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সুনামগঞ্জ-১ সহ ৭টি আসনে তাদের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক থেকে গেছে। এখন একটি মহল সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে ওই প্রতীক নিয়ে মিথ্যে প্রচারণা চালাচ্ছে, যা জোটের শৃঙ্খলার পরিপন্থী।”
মাওলানা মুজ্জাম্মিল আরও বলেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আমীরের উপস্থিতিতে প্রতীক তুলে দেওয়ার যে খবর অনলাইনে ছড়ানো হচ্ছে, সে বিষয়ে কেন্দ্রীয় জোট বা নেজামে ইসলাম পার্টি কিছুই জানে না। তিনি এই কাজকে জোটের সাথে ‘প্রতারণা’ ও ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন।
১১-দলীয় জোটের এই প্রার্থী জোর দিয়ে বলেন, তিনি নির্বাচনী মাঠ ছাড়েননি এবং শেষ পর্যন্ত ‘বই’ মার্কা নিয়ে লড়াইয়ে থাকবেন। তিনি ভোটারদের কোনো প্রকার গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান এবং জোটের সিদ্ধান্ত অমান্যকারীদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জোটের প্রতি আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে তিনি নির্বাচনী এলাকার চারটি উপজেলায় নিয়মিত গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: