শাল্লায় শিশির মনিরকে ‘সোনার দাঁড়িপাল্লা’ উপহার: সম্প্রীতির নতুন মডেল গড়ার ডাক
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে এক ব্যতিক্রমী উপহার দিয়েছেন তাঁর এক সমর্থক। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির জনসভায়’ তাঁর হাতে একটি প্রতীকী ‘স্বর্ণের দাঁড়িপাল্লা’ তুলে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এই উপহার ও বিশাল জনসমাগম পুরো দিরাই-শাল্লায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সমাবেশটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল সমাজের নানা স্তরের মানুষের সংহতি প্রকাশ। প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির এই ঐক্যের চিত্র তুলে ধরে বলেন, “আজকের এই মঞ্চে আপনারা দেখছেন—একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই আন্দোলনের যোদ্ধা এক কাতারে দাঁড়িয়েছেন। এটিই আমাদের প্রকৃত বাংলাদেশ।”
অ্যাডভোকেট শিশির মনির বলেন, “দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তবে এই অবহেলিত হাওর অঞ্চলের উন্নয়নে আমি জীবন উৎসর্গ করব। আমাদের লক্ষ্য হিন্দু-মুসলমানসহ সব ধর্মের ও বর্ণের মানুষকে নিয়ে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। যেখানে উন্নয়ন হবে সবার জন্য এবং ন্যায়বিচার নিশ্চিত হবে সবার ঘরে ঘরে।”
তিনি আরও যোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের এই ইস্পাতকঠিন ঐক্যকে কোনো অপশক্তিই রুখতে পারবে না।
শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠটি দুপুরের পর থেকেই লোকারণ্য হয়ে ওঠে। সমাবেশে উপস্থিত সাধারণ ভোটাররা জানান, দিরাই-শাল্লায় দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ ছাপিয়ে শিশির মনিরের এই ‘সম্প্রীতির বার্তা’ নতুন এক আশার আলো দেখাচ্ছে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ রহমান
মন্তব্য করুন: