সুনামগঞ্জে পোস্টাল ভোটের কর্মযজ্ঞ: অ্যাপ ও কিউআর কোডে ডিজিটাল নিরাপত্তা
Led Bottom Ad

সুনামগঞ্জে পোস্টাল ভোটের কর্মযজ্ঞ: অ্যাপ ও কিউআর কোডে ডিজিটাল নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০২/২০২৬ ১১:১৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট গ্রহণ ও যাচাইয়ের কাজ পুরোদমে এগিয়ে চলছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত জেলায় প্রায় তিন হাজার পোস্টাল ভোট জমা পড়েছে। প্রযুক্তিনির্ভর এই ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের বিশেষ টিমের নিবিড় তত্ত্বাবধানে কিউআর কোড স্ক্যানিং ও ডিজিটাল যাচাইকরণ সম্পন্ন করা হচ্ছে।

জেলায় পাঁচটি সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটারের সংখ্যা ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-৫ আসনে সর্বোচ্চ ৫ হাজার ৫৫৯ জন ভোটার রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২১৮ এবং সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৮৬ জন পোস্টাল ভোটার রয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল রায়হান জানান, ডাক বিভাগের মাধ্যমে আসা হলুদ খামগুলোর কিউআর কোড স্ক্যান করে সফটওয়্যারের মাধ্যমে বৈধতা নিশ্চিত করা হচ্ছে। যারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিক সম্পন্ন করে খাম পাঠিয়েছেন, তাদের ভোটগুলোই বৈধ হিসেবে গণ্য করে ব্যালট বাক্সে রাখা হচ্ছে। যাদের খামগুলো অবৈধ বা কারিগরি ত্রুটিযুক্ত, তাদের জন্য পুনরায় স্ক্যান করার সুযোগ রাখা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত আসা সকল পোস্টাল ভোট গণনার আওতায় আসবে। তিনি বলেন, “পাঁচটি আসনের জন্য আলাদা বুথ এবং ব্যালট বক্স থাকবে। ভোট গণনা শেষে সাধারণ কেন্দ্রের মতোই প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ফলাফল বিবরণী সরবরাহ করা হবে।”

মঙ্গলবার সকালে পোস্টাল ভোট গ্রহণ কক্ষ পরিদর্শন করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “বাংলাদেশে পোস্টাল ভোট এই প্রথম, এটি একটি অনন্য নজির। অত্যন্ত সুশৃঙ্খল ও সমন্বিত উপায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৫টি আসনের জন্য মোট ৪৩টি ব্যালট বক্স লক করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়েছিল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad