নিশ্ছিদ্র নিরাপত্তায় সুনামগঞ্জ: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সুনামগঞ্জ এখন ব্যালট বিপ্লবের অপেক্ষায়। উৎসবের আমেজ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার ৫টি সংসদীয় আসনের ৭২০টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ আনুষঙ্গিক নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে সুনামগঞ্জের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী মালামাল তুলে দেওয়া হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার মোট কেন্দ্রের মধ্যে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশেষ শ্রেণিবিন্যাস করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৪২টি, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি ও দুর্গম ভোটকেন্দ্র ১৫৭টি । বিশেষ করে হাওরবেষ্টিত দুর্গম এলাকাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে এবং এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২০ লাখ ৬২ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ ১৭ হাজার ৮১ জন, যা জয়ের ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ৫টি আসনে জয়ের লড়াইয়ে লড়ছেন মোট ২৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে অতি ঝুঁকিপূর্ণ ও দুর্গম কেন্দ্রগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।
শহরের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। সাধারণ ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন।
এ রহমান
মন্তব্য করুন: