সুনামগঞ্জ উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
Led Bottom Ad

সুনামগঞ্জ উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০২/২০২৬ ১৭:১৭:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৭২০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। শীতের সকাল হওয়ায় শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার দিনব্যপী জেলা শহরের হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজ গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, জুবিলী উচ্চ বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে সুনামগঞ্জে সবচেয়ে বড় প্রাপ্তি নারী ভোটারদের উপস্থিতি। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, গৃহস্থালির কাজ সেরে দলে দলে নারীরা ভোট দিতে আসছেন। ভোট দিয়ে বের হওয়া রাজিয়া বেগম নামে এক ভোটার বলেন, "নিরাপদ পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা আর উন্নয়নের জন্যই ভোট দিতে এসেছি।" তরুণ নারী ভোটারদের মধ্যেও প্রথমবারের মতো ভোট দেওয়ার ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

জেলায় এবার ৫টি আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ৬২ হাজার ২০৫ জন, যার মধ্যে ১০ লক্ষ ৪৫ হাজার ৯৯ জন পুরুষ, ১০ লক্ষ ১৭ হাজার ৮১ জন নারী এবং ৩২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচনী সহিংসতা এড়াতে জেলাজুড়ে মোতায়েন রয়েছে বিজিবি, পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে সেনাবাহিনী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে হাওর অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলোতে যাতায়াত ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিকাল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত গণনা। এখন পর্যন্ত সুনামগঞ্জের চিত্র বলছে, গণতন্ত্রের উৎসবে হাওর জনপদ এক অনন্য নজির স্থাপন করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad