সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির ভূমিধস বিজয়
Led Bottom Ad

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির ভূমিধস বিজয়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০২/২০২৬ ২২:৫৯:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে জেলার সবকটি আসনেই বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৭২০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ায় জেলাজুড়ে স্বস্তি বিরাজ করছে।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ) ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট। এখানে কামরুল ৭২ হাজার ৫২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী (ধানের শীষ) ৯৭ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট। এর আগে প্রতিদ্বন্দ্বী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদ (ধানের শীষ) ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল (ধানের শীষ) ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ১৮ ভোট।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন (ধানের শীষ) ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল মাদানি (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি, তবে কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থীদের এই জয় নিশ্চিত বলে জানা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad