থানায় অভিযোগ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের উপর হামলা
সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইমন উদ দোজাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহরের কাজীরপয়েন্টে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হামলাকারীরা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ইমন উদ দোজার পিঠে, বাম হাতে এবং বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে এলোপাতারি আঘাত করে।
ইমন উদ দোজা দাবি করেন, “শুক্রবার খেলাধুলা নিয়ে টিম মিটিং শেষে রাত সাড়ে নয়টার পর শহরের কাজীর পয়েন্টে দাঁড়িয়ে ছিলাম। এসময় ১০-১২ জন এসে আমার উপর অতর্কিত হামলা করে।” তিনি হামলাকারীদের ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন।
হামলায় গুরুতর আহত অবস্থায় ইমনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— হাকিমুল ইসলাম আয়মান (২২), ফাহিম (২৬), রিয়াজুর রহমান রিজু (২৭), রাব্বি (২২) ও সজিব আহমেদ (২৬)।
অভিযুক্ত ছাত্রদল কর্মী রিয়াজুর রহমান রিজু হামলায় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসাজস নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনা।”
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, “আমরা অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিরোধের জের। আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: