সুনামগঞ্জে বিয়েতে দাওয়াত না দেওয়ায় চাচার আঘাতে ভাতিজা খুন
সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনজুর মিয়া (৫০)। তিনি উপজেলার ধল আশ্রম গ্রামের ছাত মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচা আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে গুরুতর আঘাত করেন।
স্বজনরা আনজুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্ত আনহার মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ রহমান
মন্তব্য করুন: