বসন্তের আগমনে রক্তরাঙা তাহিরপুরের শিমুল বাগান
Led Bottom Ad

পর্যটকদের উপচে পড়া ভিড়

বসন্তের আগমনে রক্তরাঙা তাহিরপুরের শিমুল বাগান

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০২/২০২৬ ১০:০৪:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বসন্তের আগমনী বার্তায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগান এখন রক্তরাঙা ফুলে ছেয়ে গেছে। প্রায় তিন হাজার শিমুল গাছে ফোটা ফুল দেখে মনে হচ্ছে সবুজের বুকে প্রকৃতি যেন এক বিশাল লাল গালিচা বিছিয়ে রেখেছে। যাদুকাটা নদীর তীর আর মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক ভিড় করছেন।

প্রায় ১০০ বিঘা অনাবাদি জমিতে ২০০২ সালে এই বিশাল বাগানটি গড়ে তোলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন। বর্তমানে বাগানটির দেখভাল করছেন তাঁর ছেলে রাখাব উদ্দিন। দৃষ্টিনন্দন এই বাগানটি এখন ভাটির জনপদের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

পহেলা ফালগুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মানিগাঁও গ্রাম। বাগান দেখতে আসা পর্যটক অ্যাডভোকেট শাহীন আলম বলেন, "একপাশে পাহাড়, অন্যপাশে নদী আর মাঝখানে শিমুল বাগান—এমন দৃশ্য দেশের আর কোথাও দেখিনি।"

তবে আনন্দের পাশাপাশি পর্যটকদের কণ্ঠে ঝরেছে অভিযোগের সুরও। সিলেট থেকে আসা পর্যটক ফারুক আহমেদ বলেন, "সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, আসতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।" পর্যটক শর্মিলা বেগম উল্লেখ করেন, বাগানে বসার পর্যাপ্ত ব্যবস্থা, ছাউনি, উন্নত খাবার ও থাকার ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাগানের বর্তমান তত্ত্বাবধায়ক রাকাব উদ্দিন বলেন, "এটি আমার বাবার স্বপ্নের বাগান। পর্যটকদের সুবিধার জন্য আমরা কিছু আধুনিকায়ন করেছি এবং ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে।"

স্থানীয়দের মতে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে জয়নাল আবেদীন শিমুল বাগানটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad