এলাকায় আতঙ্ক
তাহিরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আক্রান্ত ১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের গোলাবাড়ি ও মন্দিয়াতা গ্রামে পাগলা কুকুরের কামড়ে প্রাক- ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশুকে গুরুতর অবস্থায় উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে মক্তবে যাওয়ার পথে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী শোহান মিয়া (৫) ও প্রথম শ্রেণির ছাত্র রাহিম মিয়া (৬)-কে একটি পাগলা কুকুর কামড়ে দেয়। শিশুদের চিৎকার শুনে ফজর আলী (৬০) নামে এক ব্যক্তি এগিয়ে গেলে তাকেও কুকুরটি কামড়ায়। এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে গোলাবাড়ি গ্রামেও কয়েকজন কুকুরের কামড়ে আক্রান্ত হন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন— মন্দিয়াতা গ্রামের শোহান মিয়া (৫), রাহিম মিয়া (৬), ফজর আলী (৬০), জহিরুল ইসলাম এবং গোলাবাড়ি গ্রামের তৌফিক মিয়া (৪৫)। স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পাগলা কুকুরের সংখ্যা ও অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: